মনোনয়ন প্রত্যাশীদের ঝগড়া
গৌরীপুর আওয়ামী লীগে উত্তেজনা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১০
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী দুই সাবেক ছাত্রলীগ নেতার ঢাকায় অসৌজন্যমূলক আচরণ ও ঝগড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গৌরীপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। বুধবার রাতভর গৌরীপুরে পাল্টাপাল্টি পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ফেস্টুন, তোরণ ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। উভয় নেতার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রে জানা যায়, বুধবার ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেনের বাসায় মনোনয়ন প্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হাসান অনুসহ দলীয় নেতৃবৃন্দ আলোচনায় বসেন। এসময় অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষিবিদ ড. সামীউল আলম লিটন উপস্থিত হন। সকল নেতা-কর্মীদের সঙ্গে করমর্দন করেন। তবে শরীফ হাসান অনুর সাথে করমর্দন করতে গেলে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটে।
গৌরীপুরে এ খবর পৌঁছানোর পর উভয় গ্রুপের নেতা-কর্মীরা একে অন্যের নেতার পোস্টার, পেনাপ্লেক্স, বিলবোর্ড, সাইনবোর্ড ভাংচুর করে জ্বালিয়ে দেয়। পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।