কালীগঞ্জে ত্রি-ফসল হিসেবে আউস ধানের বাম্পার ফলন

দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান খাদ্যশস্য ধান। লালমনিরহাটের কালীগঞ্জে দোফসলী জমিতে তৃতীয় ফসল বোরো ও আমনের মধ্যবর্তী সময়ে আউস ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আধুনিক পদ্ধতিতে বছরে তিনটি ফসল (ধান) চাষের দিকে ঝুঁকে পড়েছে। এ এলাকার কৃষক আগে বছরে বোরো ও আমন দুটি ফসল ফলাতো। বর্তমানে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, টেকসই প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব তৈরি প্রকল্পের কারিগরি সহায়তায় দোফসলী জমিতে তিনটি ফসল ফলাচ্ছেন কৃষক। এবছর পরীক্ষামূলকভাবে ব্র্যাকের উদ্ভাবিত সাথি জাতের হাইব্রিড ধান ৬৬ জন কৃষক ২৮ একর জমিতে চাষ করে ব্যাপক সাড়া পেয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার কাকিনা গ্রামে ধান কর্তন মাঠ দিবস অনুষ্ঠান হয়।