আফগানিস্তানে মার্কিন কনস্যুলেটে তালেবান হামলায় নিহত ৭

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের মার্কিন কনস্যুলেটে তালেবান হামলায় কমপক্ষে সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে একটি গাড়িবোমা বিস্ফোরণের মাধ্যমে এ হামলা শুরু হয় বলে জানিয়েছে পুলিশ। হামলার দায়িত্ব স্বীকার করে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়, বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সঙ্গেই তালেবান জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে। হামলায় দুই আফগান পুলিশ, দূতাবাসের একজন নিরাপত্তারক্ষী এবং চার হামলাকারী নিহত হয়েছে। এছাড়া নারী ও শিশুসহ মোট ১৭ জন বেসামরিক মানুষ আহত হয়েছে। আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বোমাটি দূতাবাস ভবনের সামনে একটি গাড়িতে রাখা ছিল। বিস্ফোরণের প্রাথমিক ধাক্কায় উপ-দূতাবাস ভবনের সামনের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ জানান, হামলাকারীরা একটি ট্রাকে করে এসে দূতাবাস ভবনে হামলা চালায়। এসময় তারা রকেটচালিত গ্রেনেড ও রাইফেল দিয়ে নিরাপত্তারক্ষীদের দিকে গুলি করতে থাকে। এসময় কনস্যুলেট ভবনের গেটে আফগান নিরাপত্তারক্ষীরা প্রহরারত ছিল। এদিকে দেশটিতে নিযুক্ত ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী (ইসাফ) এক টুইটার বার্তায় জানায়, বর্তমানে কনস্যুলেট ভবন নিরাপদ রয়েছে। হামলাকারীদের পরাজিত ও হত্যা করা হয়েছে এবং ইসাফ ও আফগান সেনারা ঘটনাস্থলে রয়েছে। ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের প্রধান শহর হেরাত দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত শান্তিপূর্ণ। ২০১৪ সালে আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনী প্রত্যাহারের আগে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তালেবান। চলতি মাসের প্রথমদিকে পূর্ব আফগানিস্তানের পাকিস্তান সীমান্তের কাছে তোরখামে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান বিদ্রোহীরা। দীর্ষ সময় ধরে বন্দুকযুদ্ধের পর সেখানে তিন বিদ্রোহী নিহত হয়েছিল।