যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার আহবান জাওয়াহিরির

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি যুক্তরাষ্ট্রের ভেতরে ছোট পরিসরে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। দেশটির অর্থনীতিকে পর্যুদস্ত করার জন্যই এই হামলার আহ্বান জানিয়েছেন বলে দাবি করেছেন জাওয়াহিরি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা চালানোর ১২ বছর পূর্তির একদিন পর বৃহস্পতিবার এক অডিও বার্তায় এ কথা বলেন জাওয়াহিরি। উল্লেখযোগ্য সংখ্যক আরো হামলা দেখার প্রত্যাশা করছেন বলেও তিনি তার বক্তব্যে যোগ করেছেন। ঐ হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করা হয়। পরবর্তী সময়ে ভয়াবহ ঐ হামলা বিশ্বব্যাপী ৯/১১ হামলা বলে পরিচিতি পায়।