ঈশ্বরদীতে সরকারি স্কুলের পাঠদান চলে বারান্দায়
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৫
শ্রেণিকক্ষে জায়গা না থাকায় ঈশ্বরদীর ২৪নং মুলাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ও বারান্দায় একযোগে পাঠদান চলছে। রবিবার সকালে স্কুলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের এই চিত্র দেখা যায়। জানা যায়, স্কুলের লেখাপড়ার মান ভাল এবং ফলাফলও অন্যান্য স্কুলের তুলনায় ভাল। কিন্তু স্কুলে নির্মাণ হচ্ছে না নতুন ভবন। ১৯৪৬ সালে মুলাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ যাবত্ তিনটি ভবন নির্মাণ করা হলেও একটির অবস্থা জরাজীর্ণ। গাদাগাদি করে বসেও ৬৪২ জন শিক্ষার্থীর ক্লাস রুমে জায়গা না হওয়ায় বারান্দায় চলে পাঠদান। জীর্ণ ছাদের প্লাষ্টার প্রায়ই খসে পড়ে শিশু শিক্ষার্থীদের উপর। জানা যায়, জুলাই মাসে উপজেলা শিক্ষা অফিস ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি থাকায় পরিত্যক্ত ভবন ছাড়াও বারান্দায় নিয়মিত ক্লাস নেয়া হচ্ছে। প্রধান শিক্ষিকা তারজুমান আক্তার জানান, অফিস, শিক্ষক মিলনায়তন ও পরিত্যক্ত ভবন বাদে মাত্র ৪টি শ্রেণিকক্ষ রয়েছে। ৪টি কক্ষে ৬৪২ জন শিক্ষার্থীর পাঠ সম্ভব না হওয়ায় পরিত্যক্ত ভবন এবং বরান্দায় বাধ্য হয়ে ক্লাস নিতে হচ্ছে। পরিচালনা কমিটির সভাপতি তায়েজুল ইসলাম বেপারী জানান, শতভাগ পাসের সাফল্য অর্জন করলেও স্কুলটি সুযোগ-সুবিধাপ্রাপ্তি হতে বঞ্চিত।