বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের বেষ্টনী সড়কের দুরবস্থা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অভ্যন্তরীণ সড়কগুলোতে অসংখ্য খানা-খন্দরের সৃষ্টি হয়েছে। প্রায় তিনবছর ধরে এসব সড়ক সংস্কারবিহীন পড়ে থাকলে সংশ্লিষ্টরা মেরামতের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থার কারণে পার্কের ভেতর চলাচলরত পর্যটক-দর্শনার্থীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা গেছে, ১৯৯৯ সালে তত্কালীন আওয়ামী লীগ সরকার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাফারি পার্ককে দর্শনীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলেন। ওই সময় পার্কের ভেতর দর্শনার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করার জন্য তৈরি করা হয় একাধিক অভ্যন্তরীণ সড়ক। সরেজমিন দেখা গেছে, প্রায় এক দশক পূর্বে তৈরি করা প্রায় অভ্যন্তরীণ সড়ক বর্তমানে ভেঙ্গে তছনছ হয়ে পড়েছে। অনেক অভ্যন্তরীণ সড়ক দিয়ে দর্শনার্থীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না অসংখ্য খানা-খন্দকের কারণে। অভিযোগ অস্বীকার করে ডুলাহাজারা সাফারি পার্কের বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, এতদিন অর্থ বরাদ্দ না হওয়ায় অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি। তবে চলতি বছর পার্কের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, পার্কে পর্যটক-দর্শনার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করতে সহসা এসব অভ্যন্তরীণ সড়কের মেরামত কাজ শুরু করা হবে।