শেরপুরে সরকারি মূল্যে সার পাচ্ছেন না কৃষক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৯
বগুড়ার শেরপুরে সরকার ঘোষিত মূল্যে ইউরিয়া সার পাচ্ছে না কৃষক। ফলে চলতি আমন আবাদ নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে কৃষক। সরকার কৃষকদের কথা বিবেচনা করে বাজারে ইউরিয়া সারের দাম কমালেও বাজারে তার প্রভাব পড়েনি। উপজেলার আন্দীকুড়া গ্রামের কৃষক খোকা মিয়া, শেরুয়ার রেজাউল করিম, জয়লার মোকছেদ, গজারিয়ার সাইফুল ইসলাম জানান, বর্তমানে প্রতি বস্তা ইউরিয়া সার ৮৫০ টাকা দরে বিক্রি করলেও তারা তাদের দোকানের রশিদে দাম লিখে দিচ্ছে ৮০০ টাকা। এ বিষয়টি জানতে উপজেলার বারদুয়ারী হাটখোলা বাজারের বেশ কয়েকটি সার ব্যবসায়ীর সাথে আলাপ করলে তারা জানান ইউরিয়া সারের যমুনা, চায়না, কাফফুসহ বেশ কয়েকটি রকম আছে। কিন্তু কোন সার সরকার ৮০০ টাকা বিক্রির নির্দেশনা দিয়েছে তা আমাদের জানানো হয়নি। তাই আমরা যমুনা সার ৮৫০ টাকা বিক্রি করছি। উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট থেকে সরকার প্রতি কেজি ইউরিয়া সারে ৪ টাকা ভর্তুকি দেয়ার ঘোষণা দেয়। উপজেলা কৃষি কর্মকর্তারা শেরপুর উপজেলার প্রত্যেক ডিলারের গুদাম পরিদর্শন করে তাদের সকল প্রকার ইউরিয়া সার সরকার ঘোষিত মূল্যে বিক্রির নির্দেশনা দিয়েছে। অতিরিক্ত টাকা পরবর্তীতে সরকারিভাবে ব্যাবসায়ীদের প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।