১শ’বোতল মদসহ মেম্বার গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও কুটি ইউপি সদস্য উবায়দুল হক ওরফে কালুন্না ডাকাতকে ভারতীয় ১শ’ বোতল মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি চৌমুহনী বাস টার্মিনাল এলাকা থেকে পুলিশ তার আরেক সহযোগী স্বপন মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় কসবা থানার সহকারী উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে। উবায়দুল হক (৩০) কসবা উপজেলার কুটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি ওই ইউনিয়নের জাজিয়ারা গ্রামের আবদুল হকের পুত্র। তার সহযোগী স্বপন মিয়া (২৮) একই ইউনিয়নের কুটি গ্রামের আবদুল হক মিয়ার পুত্র। কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন: ইউপি সদস্য উবায়দুল হক আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। উবায়দুল স্বীকার করেছেন তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে।