তিন স্থানে তিন খুন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরগঞ্জে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে তিনজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামে দয়াচর মাঠে গত বৃহস্পতিবার রাতে কুপিয়ে ও পায়ের রগ কেটে চরমপন্থি ক্যাডার রাসেল আহমেদকে (৩০) হত্যা করেছে সন্ত্রাসীরা। সে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হকের ছেলে। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল হক জানান, নিহত রাসেল চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিল।
বাগেরহাট
বাগেরহাটে-চিতলমারী সড়কের হাড়িখালী এলাকায় মাহমুদ মোল্লা (৩০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত মাহমুদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দেবরাজ গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সে ঢাকার এক গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
ঈশ্বরদী (পাবনা)
ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুরে গত বৃহস্পতিবার রাতে নূরুল ইসলাম (৫৫) নামের এক কৃষককে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায়, নূরুল ইসলামকে শ্বাসরোধ ও টেঁটাবিদ্ধ করে খুন করা হয়েছে। সে শহরের ফতেহ মোহাম্মদপুরের বাসিন্দা।