বামনায় মুমূর্ষু রোগীর চিকিত্সায় ব্রাদার!
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামের মোঃ শামসুল হক খানের পুত্র মোঃ সবুজ (২৫) ধান মাড়াই মেশিনে ডান হাতের চারটি আঙ্গুল হারিয়ে গত মঙ্গলবার সকাল ৯টায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসে। তখন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন মেডিক্যাল অফিসার না থাকায় জরুরি বিভাগের কর্তব্যরত ব্রাদার মোঃ জহিরুল ইসলাম এবং ওয়ার্ডবয় মোঃ মোস্তফা হাওলাদার চিকিত্সা দিয়েছে। এব্যাপারে ব্রাদার মোঃ জহিরুল ইসলাম বলেন- রোগীর আগমনের বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহরাব হোসেনকে অবহিত করলে তিনি আমাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে বরিশালে প্রেরণের ব্যবস্থা করতে বলেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহরাব হোসেন বলেন, আমি চিকিত্সা ব্যবস্থা দিয়েছি এবং রোগীকে (সবুজ) উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। উল্লেখ্য, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ডাক্তার থাকলেও দীর্ঘদিন যাবত্ ডাঃ মোঃ রাজিব হোসেন ও ডাঃ মোঃ মাসুদুর রহমান অননুমোদিত অনুপস্থিত রয়েছেন। ডাঃ মোঃ আতিকুল হক ঢাকায় প্রশিক্ষণে এবং ডাঃ মোঃ গোলাম ফরহাদ ছুটিতে রয়েছেন।