সংবিধানের বাইরে কোন প্রস্তাব গ্রহণ করবে না সরকার: আইন প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে সংবিধানের বাইরে কোন প্রস্তাব গ্রহণ করবে না সরকার। এ নিয়ে বিদেশি বন্ধু বা সুশীল সমাজের কোনো প্রস্তাবও মেনে নেয়া হবে না। তবে সংবিধানের ভেতর থেকে কোন প্রস্তাব আসলে তা নিয়ে আলোচনা ও সমঝোতার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত রয়েছে সরকার।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল ইসলাম বিএনপির তত্ত্বাবধায়ক দাবিকে অযৌক্তিক অভিহিত করে বলেন, অযথা অযৌক্তিক দাবি নিয়ে সমঝোতার প্রস্তাব দেবেন না। তিনি বলেন, সংবিধানের বাইরে নয়, ভিতর থেকে প্রস্তাব আসুক। আলোচনার স্বার্থে, সমঝোতার স্বার্থে যতটুকু ছাড় দিতে হয় প্রস্তুত আছি।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ও নাট্যব্যক্তিত্ব এটিএম শামসুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক ছাত্রনেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।