ই ং লি শ প্রি মি য়া র লি গ

বড় দলগুলো মাঠে নামছে আজ

আন্তর্জাতিক ফুটবল সূচিকে সময় দিতে দুই সপ্তাহের বিরতির পর আজ আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিভারপুলের সঙ্গে হারের ধাক্কা সামলে শিরোপাধারী ম্যানচেস্টার ইউনাইটেড আজ ওল্ড ট্রাফোর্ডে নামবে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। আর দিনের অন্য বড় ম্যাচগুলোতে মুখোমুখি হবে চেলসি-এভারটন, স্টোক সিটি-ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল-সান্দারল্যান্ড। স্যার অ্যালেক্স ফার্গুসনবিহীন যুগে ইউনাইটেডের যাত্রার শুরুটা আশাব্যঞ্জক হয়নি মোটেই। প্রথম তিন ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট মাত্র চার, যা কিনা গত চার মৌসুমে তাদের সর্বনিম্ন সংগ্রহ। আর ২০০৭ সালের পর এবারই প্রথমবারের মতো তারা টানা দুটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে। সোয়ানসি সিটির বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় নিয়ে মৌসুম শুরু করা ইউনাইটেড দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় চেলসির বিরুদ্ধে। ঘরের মাঠে তারা ব্লুজদের সাথে গোলশূন্য ড্র করে। আর অ্যানফিল্ডে সর্বশেষ ম্যাচে লিভারপুলের সাথে তারা হেরে যায় ১-০ গোলে। তবে অল রেডদের বিরুদ্ধে ঐ হারের ধাক্কা সামলে আজই ঘুরে দাঁড়াতে চায় ডেভিড ময়েসের দল। তবে মাথার চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচেও তারা পাচ্ছে না ওয়েন রুনিকে। রুনির অনুপস্থিতে আক্রমণের মূল দায়িত্ব থাকছে তাই রবিন ফন পার্সি-ড্যানি ওয়েলব্যাকদের উপরেই। আর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেই অভিষেক হয়ে যেতে পারে দলের নতুন সেনসেশন মারুয়েন ফেলানির। অন্যদিকে প্রথম ম্যাচে শক্তিশালী টটেনহ্যামের কাছে ১-০ গোলে হেরে লিগ শুরু করা প্যালেস সর্বশেষ ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে সান্দারল্যান্ডকে। তবে ইউনাইটেডের বিরুদ্ধে ঈগলদের রেকর্ড মোটেই আশাব্যঞ্জক নয়। ১৯৮৯ সালের পর তারা কখনোই ওল্ড ট্র্যাফোর্ডে জিততে পারেনি। আর লিগে আটবার তাদের মুখোমুখি হয়ে ছয়বারই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এদিকে দিনের অন্য ম্যাচে এভারটনের গুডিসন পার্কে চেলসি খেলবে স্বাগতিকদের বিরুদ্ধে। এম্যাচ দিয়েই অভিষেক হয়ে যেতে পারে ইন্টারমিলানের পর আবার চেলসিতে কোচ হোসে মরিনহোর সাথে জুটি বাধা স্যামুয়েল ইতোর। রুনিকে না পেয়ে ট্রান্সফার মৌসুমের একেবারে শেষ মুহূর্তে আনঝি মাখাচকালা থেকে ইতোকে দলে ভেড়ায় চেলসি। আর নতুন ক্লাবে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন ইতো। মরিনহোর সঙ্গে তার সম্পর্কই তাকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেছে জানিয়ে ইতো ইংলিশ ট্যাবলয়েড সানকে জানান, ‘ইন্টারে তার সঙ্গে দেখা হওয়ার আগে মরিনহোর সঙ্গে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক ছিল না। তাই দুজনের মধ্যে সম্পর্কটা ছিল অনেকটাই শীতল। এমনকি আমি এটাও বলেছিলাম যে মরিনহোর অধীনে কোন ক্লাবে আমি খেলবো না।’ তবে সেই ধারণা থেকে অনেকটাই সরে এসেছেন জানিয়ে এই ক্যামেরুনিয়ান বলেন, ‘আসলে ঈশ্বর সর্বজ্ঞানী। তিনি আমাকে দেখাতে চেয়েছিলেন যে, আমার ধারণা ভুল। আর তাই আজ হোসে আমার বন্ধু। সে আবারো আমার কোচের ভূমিকায়।’ প্রথম তিন ম্যাচে দুটি জয় এবং একটি ড্র নিয়ে লিভারপুলের পেছনে থেকে মরিনহোর দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। গত কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া সিটির আজ ব্রিটানিয়া স্টেডিয়ামে যাচ্ছে সর্বশেষ ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই। যদিও পরিসংখ্যান বলছে, স্টোক সিটির বিরুদ্ধে গত কয়েক বছরে তাদের পারফরম্যান্স মোটেই আশা জাগানিয়া নয়। ব্রিটানিয়ায় সর্বশেষ ছয় ম্যাচেই সিটি গোল পেলেও স্টোকের বিরুদ্ধে তাদের মাঠে সিটির সর্বশেষ জয়টি এসেছিল প্রায় ১৪ বছর আগে। নিশ্চিতভাবেই আজ শিষ্যদের দারুণ কিছু করতে উদ্বুদ্ধ করবেন এ মৌসুমেই মালাগা থেকে সিটিতে যোগ দেয়া কোচ ম্যানুয়েল পেলগ্রিনি। অন্যদিকে আজ সিটিকে হারাতে পারলে স্টোক সিটি উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। সিটির বিরুদ্ধেই অভিষেক হতে পারে দলের নতুন দুই খেলোয়াড় মার্কো আরনিতোভিচ এবং স্টিফেন আয়ারল্যান্ডের। তবে ইনজুরি সমস্যা অভিষেকের অপেক্ষায় রাখবে অ্যাথলেটিকো থেকে মাত্রই সিটিতে আসা ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিসকে।