বায়ার্ন, ডর্টমুন্ড জয়ের লক্ষ্যে মাঠে নামবে
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
কোচ পেপ গার্দিওলার অধীনে নিজেদের প্রথম বুন্দেসলিগা শিরোপা জয়ের জন্য অবস্থান সংহত করার লক্ষ্যে হ্যানোভারকে আতিথ্য দেবে আজ বায়ার্ন মিউনিখ। এছাড়া পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডও খেলবে নিজের মাঠে। তাদের বিপক্ষ হামবুর্গ।
বাস্তিয়ান শোয়াইনস্টেইগার ইনজুরি সারিয়ে অনুশীলনে ফিরলেও আজ তার খেলার সম্ভাবনা কম। অপরদিকে থিয়াগো আলকানতারা এবং হোলগার ব্যাডস্টাবারের সেবা পাবে না স্বাগতিকরা। আগের মৌসুমে দুই লেগেই বায়ার্নের কাছে পরাস্ত হ্যানোভার মোট ১১টি গোল হজম করে। তাই হ্যানোভারের বিপক্ষে এগিয়ে থেকে মাঠে নামবে গার্দিওলার দল।
শিরোপাধারীদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি বলেন, ‘গত মৌসুমে হ্যানোভারের সাথে আমরা যা করেছিলাম তা এ দফায় আমাদের ভুলে যেতে হবে। এবার ম্যাচটা অন্যরকম হবে। আমি নিশ্চিত এটা আাামদের জন্য কঠিন একটি ম্যাচ হবে।’ এদিকে আরিয়েন রোবেন বলেন, ‘এই ম্যাচটা জেতা আমাদের জন্য কঠিন হলেও গুরুত্বপূর্ণ। তবে কেউ যখন ভালো খেলে তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস থাকে।’ ইনজুরির কারণে আজকের ম্যাচে হ্যানোভারের হয়ে মাঠে নামতে পারবেন না ক্রিশ্চিয়ান প্যানডার।
এছাড়া বুন্দেসলিগায় নিজেদের চারটি ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ড আজ মাঠে নামবে হামবুর্গের বিরুদ্ধে। ইনজুরির কারণে দলের বাইরে থাকবেন রবার্ট রেওয়ান্ডোওস্কি, মার্শেল স্ক্যামেলেজার এবং মার্কো রেওয়াসস।