চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি

ভারতের ভিসা পেল ফয়সালাবাদ উলভস

পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন ফয়সালাবাদ উলভসকে অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশ নিতে ভিসা দিয়েছে ভারত। এ মাসের শেষ দিকে ভারতে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের বাছাই পর্বে খেলবে পাকিস্তানের দলটি। সরকারি একটি সূত্র জানায়, ‘ইতোমধ্যেই ভিসা ইস্যু করা হয়েছে। কঠোর নিরাপত্তায় ঘেরা ভারতীয় দূতাবাসে তারা এলেই তাদের পাসপোর্ট হস্তান্তর করা হবে।’ ভারতে দলটি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বিবেচনা করে ইতোপূর্বে দলটির ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছিল যে ভিসা যেমন মেলেনি তেমনি এটা অগ্রাহ্যও হয়নি। পাকিস্তানী দলটি টুর্নামেন্টের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে ভারতের বিভিন্ন শহরে তাদের খেলতে হবে এবং সেখানে তাদের নিরাপত্তা সমস্যা হতে পারে বলে ভাবা হচ্ছে। বাসস