পাকিস্তানে মোবাইল ফোনে ‘প্রেমালাপ’ বন্ধ করল সরকার!

ভালবাসা আসে মন থেকে। ভালবাসার মানুষটি দূরে কিংবা কাছে যেখানেই থাকুক না কেন সেটির টিকে থাকাটা মনের ওপর নির্ভর করে। কোনো বাধাই তাকে রুখতে পারে না। কিন্তু মাঝে মাঝে ‘নিষ্ঠুর’ কিছু মানুষ ভালবাসায় আঘাত করে নানা কৌশলে! সমপ্রতি পাকিস্তানের বিভিন্ন কোম্পানির মোবাইলে ‘প্রেমালাপ’ নিষিদ্ধ করেছে সরকার। এই প্রেমালাপ আসলে ‘লাভ চ্যাট’ নামের একটি পেইড সার্ভিস ছিল। সার্ভিসটির মাধ্যমে ছেলে-মেয়েরা ভালোবাসার কথা প্রকাশ করতে পারতো ব্যক্তিগত এবং দলবদ্ধভাবে। কিন্তু অভিভাবকদের অভিযোগের কারণে সরকার সার্ভিসটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অভিযোগ করা হয়েছে, ‘লাভ চ্যাট’ সার্ভিসটি তরুণ তরুণীদের নৈতিক অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। দেশটির সংসদ সদস্যরাও এর বিরোধীতায় নেমেছেন। তারা বলছেন পড়াশোনা বাদ দিয়ে ছেলে-মেয়েদের প্রেম বিশারদ বানানোর দরকার নেই। ফলে মোবাইল কোম্পানিগুলোর সব রোমান্টিক অফার বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ২০ বছর বয়সী এক ছাত্রী বলেন, এটি করা ঠিক হয়নি। এটি আমাকে খুব আঘাত করেছে। আমি আমার বন্ধুদের সঙ্গে এখন সহজে যোগাযোগ করতে পারছি না।-এএফপি