কওমি মাদ্রাসা স্বীকৃতির নামে বেঁধে ফেলা থেকে বিরত থাকুন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
দেশের শীর্ষস্থানীয় ৫৩ জন কওমি আলেম-ওলামা বলেছেন, ইসলামী শিক্ষা হচ্ছে আল্লাহ প্রদত্ত আসমানী শিক্ষার ধারা এবং ইসলাম ধর্মের শিক্ষার ধারা তথা কোরআন সুন্নাহর শিক্ষার ধারা। এ শিক্ষাই বর্তমানে কওমি মাদ্রাসা শিক্ষার ধারা।
গতকাল শুক্রবার শীর্ষ আলেমরা এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। তারা অভিযোগ করে বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার ধারাকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দেয়ার নামে সরকার আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার পরিকল্পনা করছে। এ পরিকল্পনা থেকে সরকারকে বিরত থাকতে হবে।
বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন মাওলানা আশরাফ আলী, মাওলানা আনওয়ার শাহ, মুফতি আবদুর রহমান, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুস্তফা আযাদ, মাওলানা আবদুল হালিম বুখারী প্রমুখ।
‘কওমী সনদের স্বীকৃতি চাই না’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেছেন, সরকার সনদের নামে কওমী মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষাধারা ধ্বংসের ষড়যন্ত্র করছে।
গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর কামরাঙ্গীরচরে কওমী মাদ্রাসার ঐতিহ্য ও শিক্ষাধারা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, কওমী মাদ্রাসার ইতিহাস ও বৈশিষ্ট্য নষ্ট করে আলেমরা কওমী সনদের স্বীকৃতি চান না।
খেলাফত আন্দোলন আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাাহ খান, মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।