অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা

মোদীই বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেছে। গতকাল শুক্রবার দিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ড সবচে কাঙ্খিত এই পদে মোদীর নাম ঘোষণা করে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছিলেন বিজেপি নেতা এল কে আদভানি। মোদীর নাম ঘোষিত হতে পারে এমন সম্ভাবনা থাকায় গতকাল পার্লামেন্টারি বোর্ডের সভায় যোগ দেননি তিনি। দিল্লির অশোক রোডস্থ বিজেপির সদর দফতরে আয়োজিত সংসদীয় বোর্ড মোদীর নাম চুড়ান্ত করে। খবর জি নিউজ ও বিবিসির। সূত্র জানায়, পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শেষে কট্টোর হিন্দুত্ববাদীর সমর্থক নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। গতকাল বৈঠকে আদভানি উপস্থিত না থাকলেও ১২ সদস্যের বোর্ডের অন্য সবাই উপস্থিত ছিলেন। মোদী নির্বাচিত হবার পর বোর্ডের সদস্যদের কাছে আদভানি একটি চিঠি লিখে তার ‘হতাশা’র কথা প্রকাশ করেন। অপরদিকে, ক্ষমতাসীন দল কংগ্রেস বলেছে, বিরোধী দল কাকে প্রধানমন্ত্রী প্রার্থী করল সেটা তাদের নিজস্ব বিষয়। প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষিত হবার পর মোদী তার প্রতিক্রিয়ায় দল এবং দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী করবেন। তবে এজন্য দলকে কঠোর চেষ্টা করতে হবে। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেন, দেশ এক চরম দুর্দশার মধ্যে চলছে। এই পরিস্থিতিতে জনগণ কংগ্রেসকে ভোট দেয়ার মতো কোনো কারণ খুঁজে পাবে না। তিনি আশা প্রকাশ করেন ভারতের জনগণ এবার পদ্ম প্রতীকে সিল মারবে।