বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ প্রক্রিয়া শুরু

অবশেষে বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। মিয়ানমারে ২৩ কিলোমিটার ও বাংলাদেশ অভ্যন্তরে ২ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য সেনাবাহিনীর সদস্যরা জরিপ কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় মানের সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলে এশিয়ান হাইওয়ে প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা হবে বলে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ২০০৫ সালে দু’দেশের সংযোগস্থল ঘুমধুমে মৈত্রী সড়কের পাশে ৪৩ কিলোমিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সমপ্রতি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উখিয়া সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মৈত্রী সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সদস্যরা বর্তমানে ওই সড়কটি নির্মাণের জন্য জরিপ কাজ শুরু করেছেন। সচেতন মহলের মতে, এই সড়ক নির্মিত হলে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে। কক্সবাজার ১৭ ইসিবির লেঃ কর্ণেল এসএম জুলফিকার রহমান জানান, বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক নির্মাণের জন্য জরিপ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।