বিএনপি সংলাপে বসতে প্রস্তুত
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১৬
সব দলের অংশগ্রহণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার ও বিরোধী দলকে দ্রুত সংলাপে বসার পরামর্শ দিয়েছেন সফররত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রুশনারা আলী। গতকাল বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনের বৈঠকে তিনি এ পরামর্শ দেন।
বৈঠক শেষে রুশনারা আলী সাংবাদিকদের বলেন, সংলাপের মাধ্যমে বাংলাদেশে সৃষ্ট সঙ্কট সমাধান করতে হবে। শুধু বিএনপিই নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলকেই এ সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত। এক প্রশ্নের জবাবে ব্রিটিশ এ এমপি বলেন, এটা বাংলাদেশের নিজস্ব সমস্যা, সমাধানও করতে হবে নিজেদেরই।
বৈঠকে উপস্থিত থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে। রুশনারা আলীর পরামর্শের জবাবে খালেদা জিয়া তাকে জানিয়েছেন বিএনপি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। সংলাপের ব্যাপারে নানা মহল থেকে আহ্বান জানানো হলেও সরকার এখনো সাড়া দেয়নি, সংলাপের কোনো পরিবেশও তৈরি করেনি। সরকার পরিবেশ তৈরি করলে বিএনপি অবশ্যই সংলাপে বসে সমস্যার সমাধান করতে চায়।
রুশনারা আলী ও শমসের মবিন দুজনই জানান, বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকসহ শিল্পখাত নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ এমপি।
সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের ৬ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এন মেইন, নিক ডি বইস, সাইমন ডাংজাক, জনাথান রিওনল্ডস ও শাবানা মাহামুদ। অন্যদিকে বেগম খালেদা জিয়া ও শমসের মবিন চৌধুরী ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।