লুমিয়া স্মার্টফোনে অ্যান্ড্রয়েড আনতে চেয়েছিল নকিয়া
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
মাইক্রোসফটের কাছে নিজেদের বিক্রি করে দিয়ে সংবাদের শিরোনাম হয়েছে নকিয়া। ২০১১ সাল থেকেই এই নকিয়া স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চেয়েছে উইন্ডোজ ফোন দিয়ে। অ্যান্ড্রয়েড যখন বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, অ্যান্ড্রয়েডকে উপেক্ষা করে নকিয়ার উইন্ডোজ ফোনের সাথে যাত্রাকে অনেকেই সমালোচনা করেছেন। তবে এতদিনে এসে জানা গেল, নকিয়াও অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। ২০১৪ সাল পর্যন্ত উইন্ডোজের সাথে চুক্তি থাকায় এই সময়ের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন আনা সম্ভব ছিল না তাদের পক্ষে। তাই ২০১৪ সালের শেষের দিকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে লুমিয়া ফোন নিয়ে আসার পরিকল্পনা ছিল তাদের। দ্য নিউইয়র্ক টাইমসের বিটস ব্লগের সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। এই ব্লগে বলা হয়েছে, মাইক্রোসফটের কাছে বিক্রি হওয়ার প্রক্রিয়া শুরুর অনেক আগে থেকেই অ্যান্ড্রয়েড নিয়ে নকিয়ার গোপন পরীক্ষা-নিরীক্ষা চলে আসছিল। এই গবেষণার সাথে সম্পৃক্ত দুই গবেষক এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে। এই প্রকল্প সম্পর্কে মাইক্রোসফটের কর্মকর্তারাও ওয়াকিবহাল ছিলেন বলে জানান তারা। তারা জানিয়েছেন, কেবল উইন্ডোজ ফোন দিয়ে স্মার্টফোনের বাজারে সুবিধা করা যাবে না বলেই ধারণা করছিল নকিয়া। সে কারণেই অ্যান্ড্রয়েড নিয়ে আগ্রহ ছিল নকিয়ার। অ্যান্ড্রয়েড নিয়ে নকিয়ার এই প্রকল্পের খবর জানার পর নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে নকিয়া এবং মাইক্রোসফটের সাথে যোগাযোগ করা হলে অবশ্য এ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি উভয় প্রতিষ্ঠানের মুখপাত্ররা। ফলে মাইক্রোসফটের কাছে নকিয়ার বিক্রি হয়ে যাওয়ার পর অ্যান্ড্রয়েড প্রকল্পের ভবিষ্যত সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাওয়ায় এই প্রকল্প আর আলোর মুখ দেখবে না বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।