এলআরবি’র ‘রাখে আল্লাহ মারে কে’!

‘রাখে আল্লাহ মারে কে’ শিরোনামের একটি গান দিয়ে গেল ঈদে এলআরবি চমক লাগিয়েছিল শ্রোতা দর্শকদের মনে। তবে এবারেও একাধিক টিভি লাইভে থাকবেন কিনা এমন প্রশ্নে এলআরবি লিডার রকলিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘এটা সময়ের ওপর নির্ভর করছে।’ চলতি সপ্তাহে আবারও কলকাতায় একটি কলেজে শো করে ফিরলেন তারা এ ছাড়া সম্প্রতি সিঙ্গাপুরসহ বেশ কটি দেশে কনসার্ট ট্যুর শেষ করেছেন। নতুন রেকর্ডিং বা নতুন কোনো চমক থাকছে কি না এ প্রসঙ্গে এবি বলেন, ‘আমরা প্রতিটা কনসার্টেই নির্দিষ্ট কিছু ডিজাইনে সাজাই। যেমন ‘রাখে আল্লাহ মারে কে’ গানটি আমরা নিরীক্ষামূলকভাবে করেছিলাম। দর্শক শ্রোতাদের মাঝে রেসপন্সটা বোঝার জন্য। দারুণ সাড়া পেয়েছি। আরও কিছু গান থাকছে নতুন করে। এটা কীভাবে রিলিজ বা শ্রোতাদের কানে পৌঁছাবো সেটা এখনও ঠিক করিনি।’ উল্লেখ্য, গেল ঈদে এলআরবি’র সেরা কয়েকটি গান ও গানের গল্পের সাথে মুঠোফোনের ক্যাম্পেইনেও এলআরবি ভক্তরা দারুণ সাড়া দিয়েছে। এবারের ঈদেও নতুন কোনো চমক নিয়েই আসছেন তারা।