তৃতীয় অবস্থানের সাফল্যে

নতুন চ্যানেল হিসেবে পথ চলা খানিকটা কঠিন আর চ্যালেঞ্জিং-ই ছিল বলা যায়। এর উপর শুধু বিনোদন নির্ভর চ্যানেল হিসেবে নতুন কনসেপ্টে দর্শকদের ধরে রাখার বিষয়টি তো ছিলই। তবে সে পরীক্ষায় নিজেদের সাফল্য যেন আসতে শুরু করেছে এশিয়ান টিভির। চলতি টিআর রেটিংয়ে তারা জনপ্রিয়তার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। মূলত প্রতিদিনের রাতভর গানের এই অনুষ্ঠানের কনসেপ্ট আরও খানিকটা এগিয়ে নিয়েছে লাইভ অনুষ্ঠানের কনসেপ্টকে। যদিও টিআরপি রেটিংয়ের মেথড আর নিয়মকানুন নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। এরপরও অধিকাংশ মিডিয়াকর্মী ও কর্পোরেট কর্তারা এটিকেই মেনে চলেন। সেই সূত্রমতে চলতি সময়ে বাংলাভিশন প্রথম, চ্যানেল আই দ্বিতীয় অবস্থানে। এবং এরপরের অবস্থানেই বিনোদনমূলক অনুষ্ঠানে সেরা তৃতীয় তালিকায় অবস্থান নিয়েছে এশিয়ান টিভি। এই সাফল্য প্রসঙ্গে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় যে, মাত্র আটমাসে এরকম একটি অবস্থানে আসতে পেরেছি। গেল ঈদেও আমরা সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান উপহার দিয়েছি। দর্শকদের ভালোবাসা ধরে রাখার জন্যই আমাদের এই আপ্রাণ চেষ্টা।’ এদিকে চ্যানেলটির এই সাফল্যে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘প্রতিদিনের লাইভ গানের অনুষ্ঠানটি ছিল আমাদের জন্য বড় একটি এক্সপেরিমেন্ট। একই সাথে একটি ব্যয়বহুল প্রজেক্ট। এরপরও সেই ঝুঁকি নিয়েই আমরা কাজটি শুরু করি। একই সাথে মিডিয়া বিতর্ক একেবারে ভিন্ন কনসেপ্টে শোবিজের মূল আলোচনা তুলে আনে এই দুটি অনুষ্ঠান আমাদের সাফল্যের সূত্র গেঁথে দিয়েছে। পাশাপাশি মুভি বাজার অনুষ্ঠানও চলচ্চিত্র বিষয়ক একটি অন্যতম অনুষ্ঠান। আমাদের নিজেদের ভেতরেও সীমাবদ্ধতা আছে। এরপরও মাত্র আটমাসে একটি অবস্থানে আসার জন্য দর্শকদের ভালোবাসা ও তাদের মতামত ছিল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বের।’