মিসরে মুরসির পক্ষে-বিপক্ষে বিক্ষোভ অব্যাহত, সংঘর্ষে নিহত এক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৮
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে চারজন। গত শুক্রবার জুম্মার নামাজের পর দেশটির উপকূলীয় শহর আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ প্রদর্শনকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটিতে জরুরি অবস্থা আরো দুই মাস বাড়ানোর ঘোষণা দেয়ার একদিন পর এ হতাহতের ঘটনা ঘটলো।
মুসলিম ব্রাদারহুড সাবেক প্রেসিডেন্ট মুরসির সমর্থনে শুক্রবার এ বিক্ষোভের আহ্বান জানায়। ঐদিন আলেকজান্দ্রিয়ার প্রধান মসজিদ থেকে শত শত ব্রাদারহুড সমর্থক মূল রাস্তার দিকে গেলে মুরসিবিরোধী আরেকটি মিছিল বিপরীত দিক থেকে আসতে থাকে। এসময় দুইপক্ষের ভেতর সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় বন্দুক থেকে গুলি ছোঁড়া হয় এবং দুই দলই একে অন্যের দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে। অসংখ্য বিক্ষোভকারীকে এসময় আটক করা হয়। এছাড়া কায়রোসহ দেশটির শিল্প শহর হিসাবে পরিচিত মহল্লা ও ফাইয়ুম এবং আসুত ও কেনাতেও প্রতিবাদ অব্যাহত রয়েছে। সাম্প্রতিককালে দেশটিতে ঘটে যাওয়া বিক্ষোভগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদ বলে মনে করা হচ্ছে।
এদিকে, সিনাইয়ে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আরো তীব্রতর হয়েছে। জঙ্গিদের স্থাপনা ‘সম্পূর্ণ নির্মূল’ করতে ২২,০০০ সৈন্য ঐ এলাকায় মোতায়েন করা হয়েছে বলে সরকারের মুখপাত্র জানিয়েছে। অন্ততপক্ষে আগামী ছয়মাস পর্যন্ত এ ক্যাম্পেইন চালু থাকবে বলে সামরিক সূত্র জানিয়েছে। গত ৩ জুলাই মুরসিকে উত্খাতের পর থেকে মিসরে অস্থিরতা বেড়েই চলেছে। আগস্টে কায়রোতে মুরসি সমর্থকদের দুইটি ক্যাম্প ভেঙ্গে দেয় নিরাপত্তা বাহিনী। এসময় শত শত বিক্ষোভকারী এবং অসংখ্য নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। ।