আফগান বাহিনীর অভিযানে ৩৮ তালেবান জঙ্গি নিহত

তালেবানের বিরুদ্ধে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সংগঠনটির ৩৮ জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার আফগান কর্তৃপক্ষ একথা জানিয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ও গ্রেপ্তারের বিষয়ে তালেবানের কেনো বক্তব্য জানা যায়নি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর সহযোগিতায় আফগান ন্যাশনাল পুলিশ (এএনপি) গত ২৪ ঘন্টায় কান্দাহার, উরুজগান, গজনী এবং হেলমান্দ প্রদেশে বেশ কয়েকটি অভিযান চালায়। এতে ৩৮ জন সশস্ত্র তালেবান জঙ্গি নিহত হয়। এছাড়া ১৫ জন আহত এবং আরো ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে, সারি পুল প্রদেশের প্রাদেশিক রাজধানী সারি পুল নগরীতে নিরাপত্তা বাহিনীর সাথে রাতভর সংঘর্ষে পাঁচ তালেবান জঙ্গি নিহত এবং আরো দুইজন গ্রেপ্তার হয়েছে। সেখানে সংঘর্ষের সময় এক সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া, লাগমান, কুন্দুজ, কান্দাহার এবং হেরাতে ১০টি বোমা উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। এর আগে পুলিশের একটি বিবৃতিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার উরুজগান প্রদেশের চারচিনো জেলায় একটি গোপন আশ্রয়স্থলে চালানো অভিযানে ১৮ তালেবান জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে স্থানীয় তালেবান নেতা মৌলবি ইসলামও রয়েছে। ঐ অভিযানে গ্রেপ্তার করা হয় আরো ১২ জনকে। এছাড়া, প্রাদেশিক পুলিশের প্রধান খলিল আন্দারাবি শুক্রবার জানান, ঐদিন সকাল পর্যন্ত পাঁচ দিনের ঐ অভিযানে কুন্দুজ প্রদেশের দাসত-ই-আর্কি জেলায় ২৩ জন তালেবান জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, অভিযানে পুলিশ বা কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।