শিশাপাংমা অভিযাত্রী নিশাত-মুহিতকে পতাকা প্রদান
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫০
এভারেস্টের মতো আট হাজার মিটারের বেশি উঁচু পৃথিবীর ১৪টি শিখরের একটি ‘শিশাপাংমা’। তিব্বতে অবস্থিত এ শিখরটি জয়ে অভিযানে যাচ্ছেন এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার এবং দুই বার এভারেস্ট জয়ী একমাত্র বাংলাদেশি এম এ মুহিত। বাংলাদেশের কোনো অভিযাত্রীর প্রথম প্রয়াস হিসাবে তারা এ অভিযানে যাচ্ছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলন ও অভিযাত্রীদের পতাকা প্রদান অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন ব্যারিস্টার রফিক-উল- হক, প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যৌথভাবে স্পন্সর করা প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। গ্রামীণ ফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমীদ আজিজুল হক ও প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান । সংবাদ সম্মেলন পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আট হাজার ১৩ মিটার উঁচু শিখর ‘শিশাপাংমা’ জয়ে নিশাত মজুমদার ও এম এ মুহিত আগামী ১৭ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অনুষ্ঠানের অতিথিরা অভিযাত্রীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেন।
অভিযানটির পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং যৌথভাবে স্পন্সর করেছে গ্রামীণফোন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, প্যারাগন গ্রুপ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লি., স্ট্যান্ডার্ড ব্যাংক লি., রেজা গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লি.।