জাতীয় আয়কর দিবস আজ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
জনসাধারণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ রবিবার উদযাপিত হচ্ছে জাতীয় আয়কর দিবস। ষষ্ঠবারের মতো পালিত এ দিবসে শীর্ষস্থানীয় করদাতাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে আগামী ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ সব জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হবে। ঢাকায় এ মেলা বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে।
দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান এবং আলোচনা সভা। এদিন ২০১০-১১ ও ২০১১-১২ করবর্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কর প্রদানকারী করদাতাদের উভয় কর বছরের জন্য ব্যক্তি পর্যায়ে দশ জন এবং কোম্পানি পর্যায়ে দশটি প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হবে। ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এনবিআরের কর বিভাগ সূত্রে জানা গেছে, ট্যাক্স কার্ডধারীরা রাষ্ট্রীয় কয়েকটি বিশেষ সুবিধা পাবেন। তারা জাতীয় অনুষ্ঠান, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যে কোন ভ্রমণে যেমন- বিমান, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। একইসঙ্গে বিমান বন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধা পাবেন। এ ছাড়া একজন ট্যাক্স কার্ডপ্রাপ্ত ব্যক্তি এবং স্ত্রী বা স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা চিকিত্সার জন্য সরকারি হাসপাতালের কেবিন সুবিধার বিষয়ে অগ্রাধিকার পাবেন। এ কার্ডের মেয়াদ হবে ১ বছর। এর মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে এনবিআরে তা জমা দিতে হবে বলে সংশ্লি¬ষ্ট সূত্রে জানা গেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।