এভিয়েশন সেক্টরে ভার্সিটি প্রতিষ্ঠায় দুই মন্ত্রীর দ্বিমত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
বিমান চলাচল খাতে পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিরোধিতা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের এভিয়েশন সেক্টর ভালো অবস্থানে নেই। এয়ার সার্ভিস, ক্যাটারিং মানও ভালো নয়। একটি সেক্টরের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। গতকাল হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ‘বাংলাদেশে বিমান চলাচল খাতের টেকসই উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও বাংলাদেশ মনিটর যৌথভাবে সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান এমপি এবং মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।
অর্থমন্ত্রী তার বক্তব্যে আরো উল্লেখ করেছেন, এমনিতেই বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে এভিয়েশন স্কুলই যথেষ্ট। এভিয়েশন খাতে মানবসম্পদ তৈরিই মুখ্য উদ্দেশ্য। আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নয়। আলাদা বিশ্ববিদ্যালয় করার আগে চিন্তা-ভাবনা করার দরকার আছে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, আমরা দ্রুত এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা ব্যাংকের সঙ্গে কথা বলবো ও প্রয়োজনে সরকারি-বেসরকারি বিনিয়োগে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। বেবিচকের এ কাজে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
মূল প্রবন্ধে মাহমুদ হোসেন বলেন, দক্ষ জনবল শুধু বাংলাদেশেই নয়, বরং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ঘাটতি রয়েছে। বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে অনেকদূর এগিয়ে যেতে পারে।