বাংলাদেশ মিয়ানমার হয়ে রেলপথ নির্মাণে ভারতের উদ্যোগ

বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে রেল সংযোগ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ভারতের নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর)। আঞ্চলিক রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার (অবকাঠামো) হরপাল সিং বলেন, এ মাস্টার প্লানের অংশ হিসেবে ত্রিপুরা, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মিয়ানমারে জরিপের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিধান সভার নির্বাচনের পর সেভেন সিস্টার রাজ্যগুলোর জন্য কিছু ভাল খবর আসছে। অনেকগুলো উন্নয়ন প্রকল্পের মধ্যে চলতি বছর এই রেল সংযোগ প্রকল্প অনুমোদিত হবে। প্রতিবেদনে আরো বলা হয়, ত্রিপুরার বিলোনিয়া ও বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে রেল সংযোগের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ অর্থ ছাড় করেছে। এছাড়া ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়ায় রেল লাইন স্থাপনে ইরকন ইন্টারন্যাশনালকে অনুমতি দেয়ার সবকিছু চূড়ান্ত করেছে এনএফআর। তবে এসব প্রকল্পের কাজ কতটুকু হবে এবং কত দিন লাগবে তা শুধু সময়ই বলতে পারবে।