রক্তক্ষরণের পরও আইভী আসলে একসঙ্গে রাজনীতি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৫
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সঙ্গে রাজনীতি করতে কোন আপত্তি নেই বলে মন্তব্য করেছেন সাবেক এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, ‘সময়ে অসময়ে আমার ছোট বোন আইভী আমার বিরুদ্ধাচরণ, কটূক্তি, হুমকি দেয়াসহ বিভিন্ন কটূ কথা বলে হূদয়ে যে রক্তক্ষরণ ঘটিয়েছে তাতে আমার কোন দুঃখ থাকবে না যদি আইভী এখন বলে একসঙ্গে রাজনীতি করবো। তাহলে আমিও শুধুমাত্র আওয়ামী লীগ, আমার নেত্রী ও নৌকা মার্কার স্বার্থে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে প্রস্তুত। আগামী ২৪ অক্টোবর ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনে লক্ষ লোকের সমাগম ঘটানো হবে। তাই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।’
শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সম্মেলন কক্ষে শুক্রবার বিকালে জেলার বিভিন্ন উপজেলা, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় শামীম ওসমান এসব কথা বলেন। এর আগে বুধবার ঢাকার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের তৃণমূল নেতাদের এক বৈঠকে শামীম ওসমানের পক্ষে বিপক্ষে বক্তব্য প্রদান করা হয়।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, নেত্রী আমার পক্ষে কথা বলেছে। এ কারণে কাউকে ছোট করে বিরূপ মন্তব্য করা যাবে না।
শামীম ওসমান বলেন, ত্বকি হত্যা নিয়ে বারবার প্রমাণ দিলাম আমরা জড়িত না। কিন্তু হত্যার পরদিনই সিটি মেয়র আইভী বলে ফেলল আমরা জড়িত। জামায়াত জড়িত না। তাহলে তো প্রমাণ রয়েছে তাদের সাথে জামায়াত-শিবিরের কানেকশন রয়েছে।