ভালুকার সোয়েটার ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ

বেতন কর্তন ও নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ না করা, শ্রমিক মালের রেইট কম দেয়া, নিম্নমানের খাদ্য পরিবেশনসহ মিলের পিএম জহিরুল ইসলাম কর্তৃক শ্রমিক নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার সকালে ভালুকা উপজেলার কাঁঠালীস্থ উসমান গ্রুপের প্রতিষ্ঠান ইকরাম সোয়েটার ফ্যাক্টরীর কয়েক হাজার শ্রমিক মিল গেটে বিক্ষোভ প্রদর্শন করে ভাংচুর চালায়। বিক্ষোভ প্রদর্শনকালে মিলের প্রডাকশন ম্যানেজার (পিএম) জহিরুল ইসলাম, নিটিং সেকশনের সুপারভাইজার আব্দুল মতিনসহ অন্তত ৫ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই মিলের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি করে। পরে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটানস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই মিলের ম্যানেজার অ্যাডমিন আবুল কালাম আজাদ ঘটনার সময় দুই রাউণ্ড গুলিবর্ষণের কথা স্বীকার করেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব আক্কাস উদ্দিন মোল্লা জানান, শ্রমিকদের সকল দাবি মেনে নিয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে মিল এলাকায় পরিবেশ শান্ত রয়েছে।