কমলগঞ্জে চা পাতা পাচার চক্রের ৩ জন গ্রেফতার

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান থেকে চোরাইপথে চা পাচার সিন্ডিকেট চক্রের মহিলাসহ ৩ সদস্যকে পুলিশ আটক করেছে। অভিযান চালিয়ে দু’টি অবৈধ চা পাতা প্রস্তুতের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ ৩ সদস্যকে আটকের পর তাদের স্বীকারোক্তিতে শুক্রবার আলীনগর হালিমা বাজারে অবৈধ চা কারখানা ও গুদাম থেকে তৈরি প্রায় ৪শ’ কেজি চা পাতা জব্দ করা হয়। কমলগঞ্জের বিভিন্ন চা বাগান থেকে দীর্ঘদিন যাবত্ চা বাগান ও বস্তির সিন্ডিকেট চক্রের মাধ্যমে রাতের আঁঁধারে কাচা পাতা ট্রাক যোগে পাচার করছে। এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন ইত্তেফাকে প্রকাশ হয়। গোপন সংবাদেও ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশ আলীনগর ইউনিয়নের হালিমা বাজার বস্তি থেকে রিনি বেগম (৩৪), জমরুন নেছা (৩৫) ও তাহের মিয়া (৪৫) নামের তিন পাচারকারীকে আটক করে। আটককৃতদের কমলগঞ্জ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর আলীনগর বস্তিতে চা পাতা প্রস্তুতের হাতে তৈরির দু’টি অবৈধ কারখানার সন্ধান পাওয়া যায়। স্থানীয়রা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এ দু’টি কারখানায় চোরাই চা পাতা দিয়ে চা পাতা উত্পাদন হচ্ছিল। আগে ঢেকিতে ছেটে চা পাতা প্রস্তুত করা হলেও এখন রাইস ও আটার মিলে শুকনো চা পাতা গুঁড়া করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, মৌলভীবাজারের গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা এক সপ্তাহ আগে আলীনগর বস্তিতে অবৈধ চা কারখানায় এসে আর্থিক সুবিধা গ্রহণ করে চলে গেছেন। বিষয়টি কমলগঞ্জ থানার পুলিশ অবহিত হওয়ায় আলীনগর বস্তিতে দু’দফা অভিযান চালিয়ে অবৈধ চা কারখানার সন্ধান বের করে।