কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনুমোদিত
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৮
কক্সবাজারে প্রথমবারের মত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ নামের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ সেপ্টেম্বর উখিয়ার জনসভায় ভাষণ দেয়ার সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে বলেছিলেন।
‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রধান উদ্যোক্তা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উখিয়ার জনসভায় প্রধানমন্ত্রীর প্রকাশ্য অনুরোধকে আমি দায়িত্ব মনে করে দ্রুত আবেদন করি। সরকারি অনুমোদন পাওয়ার পর এখন ভিসি নিয়োগসহ আনুষঙ্গিক কাজ করছি।’
প্রথমে ভাড়া ভবন দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। এর লক্ষ্যে একটি উপযুক্ত ভবন এবং জমি খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় উখিয়ার জনসভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় নেতাকে অনুরোধ জানান। এর মাত্র ১০ দিন পর গত বৃহস্পতিবার দেশের আরো ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’রও অনুমোদন মেলে।