ব্রাদার্স-কলাবাগানের অগ্নিপরীক্ষা আজ!

প্রথম রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগে এ মৌসুমের অন্যতম দুই ফেবারিট ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়াচক্র ঠিক একই জায়গায় দাঁড়িয়ে—দুই দলেরই পয়েন্টের ঝুলি শূন্য। এমন অবস্থায় পয়েন্ট পেতে মরীয়া ব্রাদার্সকে আজ মুখোমুখি হতে হবে উজ্জীবিত গাজী ট্যাংকের। আবার ব্রাদার্সকেই প্রথম রাউন্ডে হারিয়ে টগবগ করতে থাকা প্রাইম ব্যাংকের সামনে আজ পড়তে হচ্ছে প্রথম রাউন্ডে হারের মুখ দেখা কলাবাগানের। আজ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লায় তুলনামূলক নিরুত্তাপ ম্যাচ হওয়ার কথা। প্রথম রাউন্ডে পয়েন্ট ভাগাভাগি করা ভিক্টোরিয়া স্পোর্টিং আজ এখানে লড়বে খেলাঘরের বিপক্ষে। কিন্তু দিনের বাকী দুই ম্যাচে যথেষ্ট উত্তাপই থাকার কথা। বগুড়ায় মুখোমুখি হচ্ছে প্রাইম ব্যাংক ও কলাবাগান। আর বিকেএসপির তিন নম্বর ভেন্যুও যদি বেঁকে না বসে, তাহলে এখানে দেখা যাবে গাজী ট্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়নের লড়াই। প্রাইম ব্যাংকের কাছে প্রথম রাউন্ডের হারের ধাক্কা কাটিয়ে উঠতে ব্রাদার্স ইউনিয়নের প্রস্তুতির কোনো অভাব নেই। এ পর্বে মাঠে নামার আগে আগের তারকাদের সঙ্গে তিনজন আন্তর্জাতিক তারকা মিলিয়ে রীতিমতো সমীহ জাগানোর মতো এক দল করে ফেলেছে তারা। তামিম ইকবাল, নাফীস ইকবাল, মেহরাব জুনিয়র, অলক কাপালিরা তো ছিলেনই। আজ তাদের দলে যোগ হচ্ছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথুস, দলটির তরুণ স্পিনার সেনানায়েকে এবং পাকিস্তানের ‘ইংলিশ অলরাউন্ডার’ আজহার মেহমুদ। দলের এই তারকাদের কারণে এবং সবার জয় পাওয়ার আগ্রহের কারণেই আজকের ম্যাচ নিয়ে খুবই আশাবাদী ব্রাদার্সের সহ-অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র, ‘এখন তো আমাদের দলটাকে নিশ্চয়ই এবার লিগের অন্যতম সেরা দল বলতে হবে। সবাই ভালো টাচে আছে। সবাই জেতার জন্য মুখিয়ে আছে। যদিও গাজী ট্যাংকও ভালো দল। তবে আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। আমাদের ওপর ম্যানেজমেন্ট থেকে কোনো চাপ নেই। কিন্তু আমাদের রেপুটেশনের একটা ব্যাপার আছে। আমাদের জয় পাওয়া দরকার এখন।’ এই তারকাখচিত দলের বিপক্ষে গাজী ট্যাংকও নিতান্ত পিছিয়ে থাকবে, তা ভাবার কোনো কারণ নেই। এমনিতেই প্রথম ম্যাচ, হোক সে খেলাঘরের বিপক্ষে, জিতে দলটি দারুণ উজ্জীবিত আছে। তাদের আফতাব আহমেদ, স্কট স্টাইরিস, ইমরুল কায়েসরা ফর্মে থাকারই ইঙ্গিত দিয়েছেন। পেসার রুবেল হোসেন আছে বিধ্বংসী ফর্মে। সবমিলিয়ে গাজী ট্যাংকের আশাবাদী হওয়ায় কোনো অন্যায় নেই। আশাবাদী হচ্ছেন ইতিমধ্যে ‘জায়ান্ট কিলার’ দল হিসেবে আবির্ভূত হওয়া প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক জুনিয়রও। প্রথম ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে দেয়া এনামদের সামনে আজ নাইম ইসলামদের কলাবাগান। প্রথম ম্যাচের দিকে চেয়েই এই ম্যাচেও নিজেদের ব্যাপারে আশাবাদী দলটির অধিনায়ক এনাম, ‘আমরা গত ম্যাচের মতো পারফরম করতে পারলে তো জয় নিয়েই মাঠ ছাড়ব। তবে ৫০ ওভারের খেলা তো; কিছু অনুমান করা কঠিন। একটা সুবিধা হল, আমাদের ওপর কোনো চাপ নেই। দৃশ্যত ওরা বড় তারকাদের নিয়ে দল করেছে, ফলে চাপ বড় দলগুলোর ওপরে।’ কলাবাগান কাগজে-কলমে অনেক শক্তিশালী দল হলেও তাদের একটা বড় সমস্যা হল, অধিনায়ক সাকিব আল হাসানের সার্ভিস এই ম্যাচেও পাচ্ছে না তারা। বিদেশিদের মধ্যে জিহান মোবারক ছাড়া আগের ম্যাচে কেউ জ্বলে উঠতে পারেননি। ফলে আজও ভরসা হতে হবে নাঈম ইসলামদেরই। ফতুল্লায় দিনের সবচেয়ে কম উত্তেজনাপূর্ণ ম্যাচে নাসির হোসেনদের ভিক্টোরিয়ার প্রধান লক্ষ্য থাকবে তিন পয়েন্ট। লিগের প্রথম ম্যাচে তারা কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মতো দলের বিপক্ষে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট পায়নি বলে এমনিতেই চটে আছে। সে ম্যাচ নষ্ট করে দিয়েছিল বৃষ্টি। ফলে ফয়সাল হোসেন ডিকেন্স, শুভাগত হোমদের খেলাঘরের বিপক্ষে যে কোনো মূল্যে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে গতবারের চ্যাম্পিয়নরা। আজকের খেলা ভিক্টোরিয়া খেলাঘর ফতুল্লা গাজী ট্যাংক ব্রাদার্স ইউনিয়ন বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক কলাবাগান বগুড়া