খুলনায় ৪২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া শুরু
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২২:২০
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৪২তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের চূড়ান্ত পর্ব গতকাল শনিবার ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর খুলনায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে হ্যান্ডবল ছাত্র ও ছাত্রী গ্রুপে দুটি করে মোট চারটি এবং কাবাডি ও ফুটবলে একটি করে খেলা অনুষ্ঠিত হয়।
জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল ছাত্রী গ্রুপের প্রথম খেলায় যশোরের প্রগতি মাধ্যমিক বালিকা স্কুল ৭-৪ গোলে খাগড়াছড়ির সিংগিনালার বালিকা স্কুলকে, দ্বিতীয় খেলায় নওগাঁর বদলগাছি লাবণ্য প্রভা স্কুল ৬-১ গোলে নেত্রকোনার আদর্শ বালিকা স্কুলকে, হ্যান্ডবল ছাত্র গ্রুপে ঢাকার বান্দুরা হলিক্রস স্কুল ২৩-৮ গোলে চাঁপাইনবাবগঞ্জের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীকে, বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল ১২-১১ গোলে খুলনার নৌবাহিনী স্কুল এন্ড কলেজকে, আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত কাবাডিতে নড়াইলের ইসলামিয়া দাখিল মাদ্রাসা ৬৯-৩৯ পয়েন্টে চট্টগ্রামের শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউটকে, সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত খেলায় বরিশালের ব্যাপ্টিস্ট মিশন স্কুল ৩-০ গোলে গাজীপুরের কাপাসিয়া পাইলট স্কুলকে পরাজিত করে।
প্রতিযোগিতা শুরুর আগে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
শহরের সার্কিট হাউজ ময়দানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি পাঁচদিনের এ ক্রীড়া আসরের উদ্বোধন করেন। শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, খুলনা বিভাগের কমিশনার মোঃ আব্দুল জলিল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম বিশেষ অতিথি ছিলেন। মাউশির মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংগঠনিক কমিটির সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আমিরুল আলম খান, সদস্য সচিব ও মাউশি খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন, ক্রীড়া সমিতির সম্পাদক ফারহানা হক অনুষ্ঠানে বক্তৃতা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, বিদ্যালয় পরিদর্শকবৃন্দ, ৯টি শিক্ষা অঞ্চলের উপপরিচালকবৃন্দ, বিভিন্ন জেলার শিক্ষা কর্মকর্তা ও ক্রীড়া কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।