ব্যবসাবান্ধব নির্বাচনী ইশতেহার দাবি ব্যবসায়ীদের

আগামী নির্বাচনের জন্য যে ইশতেহার তৈরি হবে তা যেন ব্যবসা বান্ধব হয় সে দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর যে দল ব্যবসায়ীদের বেশি সুযোগ-সুবিধা দেবে ব্যবসায়ীরা তাদের পক্ষেই থাকবেন বলেও জানিয়ে দিয়েছেন। অন্যদিকে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একক ব্যক্তিকে ব্যাংক, বীমাসহ অন্যান্য বিষয়ে সুবিধা দেয়া থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক-ইন সেন্টারে আয়োজিত ‘আসন্ন জাতীয় নির্বাচন রাজনৈতিক দলসমূহের অর্থনৈতিক ইশতেহার’ শীর্ষক আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমদ। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নূহ-আলম-লেনিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ, আইবিএফবি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম মজুমদার। সভায় কাজী আকরাম উদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর হিংসাত্মক মনোভাবের কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির পাশাপাশি ব্যাংকঋণের উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমছে। তিনি বলেন, ব্যাংকে এখন যে পরিমাণ অলস টাকা রয়েছে তা যদি বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ দেয় তাহলে ব্যাংক এবং ব্যবসায়ী উভয়েই লাভবান হতে পারে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন আসলে আমরা সব বিষয় সামনে নিয়ে আসি, আর নির্বাচন শেষ হওয়ার পরই সব ভুলে যায়। তাই আমাদের নির্বাচনী ইশতেহারে এটাই আসা উচিত যে, সারাবছর অংশগ্রহণমূলক কার্যক্রমের ভিত্তিতে গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, বর্তমান সরকারের মেয়াদে ব্যবসার পরিবেশ ভাল ছিল বলেই দেশে দারিদ্র্যের হার কমেছে। এমডিজি লক্ষ্যমাত্রা ২০১৫ সালের মধ্যে অর্জনের কথা থাকলেও চলতি বছরেই আমরা তা অর্জন করেছি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফ বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে হলে হরতাল নিষিদ্ধ করাসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।