৩৫ অক্ষরের পদবী!
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
একটা পদবিতে কটা অক্ষর থাকতে পারে? গুনে দেখুন না, আপনার পদবিতে ক’টা অক্ষর আছে। সাতটা, আটটা কিংবা বড়জোর দশটা। তাই তো! কিন্তু হাওয়াইয়ের বাসিন্দা জেনিসের ব্যাপরটা একটু আলাদা। তার পদবিতে ৩৫টা অক্ষর আছে! জাতীয় পরিচয়পত্রে লেখা জেনিসের নাম আর পদবিটা একটু দেখে নিন Janice eihanaikukauakahihuliheekahaunaele. বাংলায় উচ্চারণ করলে জেনিস এইহানাইকুকাউআহিহুলিহিকাহাউনাইলি!
৩৫ শব্দের পদবি নিয়ে দিব্যি ছিলেন জেনিস। কিন্তু একটা ছোট্ট ঘটনা জেনিসের কাছে উটকো ঝামেলা ডেকে আনল। একদিন গাড়িতে সফর করার সময় শহরের এক ট্রাফিক সার্জেন্ট ধরল জেনিসকে। তারপর যা হয় আর কী! সার্জেন্ট তাঁর কাছে ড্রাইভিং লাইসেন্স চাইলেন। জেনিস সেটা দেখাতেই ট্রাফিক সার্জেন্ট তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করলেন। নামও জিজ্ঞাসা করলেন। আসলে ব্যাপারটা হল হাওয়াই দেশে ড্রাইভিং লাইসেন্সে ৩৪টা অক্ষর লেখার জায়গা থাকে। সেখানে নাম আর পদবি মিলিয়ে জেনিসের ক্ষেত্রে সেটা ৪০ হয়ে যাচ্ছে। তাই ড্রাইভিং লাইসেন্সের অফিসাররা কেটেছেটে দেন পদবীটা। এমনভাবে জেনিসের নাম আর পদবিটা ড্রাইভিং লাইসেন্সে নিলেন যাতে ফর্মের ওই ৩৪টা ঘর ভরানো যায়। এই সমস্যার কথাটাই ট্রাফিক সার্জেন্টকে বললেন জেনিস। ট্রাফিক পুলিস জ্ঞান দিয়ে বললেন, কেটে ছোটও করে নাও না পদবিটা।
কিন্তু লড়াই শুরু করেন জেনিস। আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে আদালতের নির্দেশে হাওয়াইয়ের সরকার ঘোষণা করল এখন থেকে ড্রাইভিং লাইসেন্সে ৩৫টার পরিবর্তে ৪০ অক্ষর লেখার জায়গা থাকবে। -জি নিউজ