মায়ের জন্য অদ্ভুত ‘শোকবাণী’
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৪
মা-বাবার মৃত্যুর পর সন্তানরা যখন পত্রিকায় ছাপানোর জন্য শোকবাণী পাঠায় তখন তা অনেক আবেগঘন এবং মর্মস্পর্শী হয়। তাদের জীবিত থাকার সময়কার প্রশংসা করা হয় এবং পরকালের জন্য স্বর্গবাস কামনা করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নেভাদায় এক মায়ের মৃত্যুতে পত্রিকায় ছাপতে দেয়া তার সন্তানদের শোকবাণীটি পড়ুন।
‘‘তিনি তার ছোট ছেলেমেয়েদের সাথে চরম নিষ্ঠুর আচরণ করতেন। যাচ্ছেতাই গালাগালি দিতেন। যারা তাকে তোষামোদ করতো না তাদের সাথে দুর্ব্যবহার করতেন তিনি। সন্তানরা বড় হলে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতেন। ছোট কিংবা বড় কারো সাথে ভালো ব্যবহার করতেন না। চরম নিষ্ঠুর আচরণ করতেন। তার চোখে মুখে সব সময় মানুষের প্রতি ঈর্ষা ও ঘৃণা ভেসে থাকতো। আমরা তার মৃত্যুকে উদযাপন করছি এবং আশা করছি আমরা এখন অনেক সুখে থাকতে পারবো। আমাদের দুঃস্বপ্নের অবসান হয়েছে।’’
শোকবাণীটি প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নেভাদার রেনো গেজেট নামক পত্রিকায়। এটি পাঠিয়েছেন তার সন্তানদের কেউ একজন। ছাপা হবার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তারা অনলাইন সংস্করণ থেকে শোকবাণীটি সরিয়ে ফেলে এবং কিভাবে এটি ছাপার জন্য অনুমোদন পেল তার তদন্ত শুরু করেছে। -এমএস নিউজ