শ্রমিক আন্দোলনে গাজীপুরে সোয়েটার কারখানা বন্ধ

জেলা মহানগরের বোর্ডবাজার এলাকায় সুইটার টেক নামের একটি সোয়েটার কারখানা শ্রমিকদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। কারখানায় কর্মরত শ্রমিকরা জানায়, সুইটার টেক সোয়েটার কারখানা ইউনিট-২ এর শ্রমিকরা বেশকিছুদিন যাবত্ তাদের পিচ রেট বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। এতে কারখানা কর্তৃপক্ষ সাড়া না দিলে গত দুই দিন কারখানার ৫ শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করে। গতকাল শনিবার কাজে যোগ দিতে এসে তারা দেখতে পায় মালিকপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের এএসপি একেএম মোশারফ হোসেন জানান, মালিকপক্ষের বক্তব্য হচ্ছে শ্রমিকদের দাবি মেনে কোনভাবেই পিচ রেট বৃদ্ধি করা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় তারা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।