বরিশালে মুক্তিযোদ্ধাদের মাঝে জনতা ব্যাংকের উদ্যোগে চেক প্রদান

বরিশালের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাঝে জনতা ব্যাংকের উদ্যোগে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। নগরীর বিডিএস মিলনায়তনে গতকাল শনিবার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক (অর্থ) মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডঃ বলরাম পোদ্দার। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তারা কোন দলের নয়, তারা জাতির গর্বিত সন্তান। দেশে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেকেই মানবেতর জীবন-যাপন করছে। এখান থেকে উত্তরণের জন্য স্বাধীনতার ৪০ বছর পর হলেও জনতা ব্যাংক এগিয়ে এসেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক গোলাম ফারুক, জাফর আহমেদ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সহায়তা প্রকল্পের প্রধান সমন্বয়ক মো. মোসাদ্দেক-উল-আলম, আবদুস সাত্তার (বীরউত্তম), মহিউদ্দিন মানিক (বীরপ্রতীক), রত্তন আলী শরীফ, করম আলীর (বীর প্রতীক) নাতনী রেশমা আক্তার, আলতাফ হোসেনের (বীরবিক্রম ) ভাতিজী জান্নাতুল ফেরদৌস, আলী আকবরের (বীরবিক্রম ) ছেলে শিমুল আকন্দ প্রমুখ। অনুষ্ঠানে ১৯ জন মুক্তিযোদ্ধাকে ২ লাখ টাকা করে এবং ৩ জনকে এক লাখ টাকা করে মোট ২২ জনকে ৪১ লাখ টাকা প্রদান করা হয়।