নেত্রকোনায় নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাংচুর
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৬
জেলার সদর উপজেলার মেদনী ইউনিয়নের দিগজান গ্রামে সার্বজনীন দুর্গাপূজা উত্সব উপলক্ষে নির্মাণাধীন দুর্গা প্রতিমা গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে। এই নিয়ে গত ১ সপ্তাহে জেলা সদরের ৩টি মন্দিরের প্রতিমা ভাংচুর করায় হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে আতংক বিরাজ করছে। খবর পেয়েই গতকাল শনিবার সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার মো. জাকির হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সব ধরনের আশ্বাস প্রদান করে দুর্বৃত্তদের চিহ্নিত করতে স্থানীয় লোকদের প্রতি আহ্বান জানান। এছাড়া এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান প্রতিমা নির্মাণ করতে তাত্ক্ষণিকভাবে ১০ হাজার টাকা কমিটিকে প্রদান করেন।