রামু ও উখিয়ায় ১৯ বৌদ্ধ বিহারে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি

কক্সবাজার রামু ও উখিয়া উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও মন্দিরে হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতা-কর্মীসহ জড়িতদের গ্রেফতারের দাবি জানান। রামু ও উখিয়ার বৌদ্ধ বিহারে হামলার ঘটনা নিয়ে গতকাল শনিবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “১২ মামলা নিয়ে পুলিশ বিপাকে” শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বৌদ্ধ সম্প্রদায়সহ সুশীল সমাজে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে মনে করেন, প্রকাশিত সংবাদে যাদের নেতৃত্বে কিংবা মদদে ১৯টি বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে বলে উল্লে¬খ করা হয় তা সম্পূর্ণ সঠিক। তাদের গ্রেফতার করা হলে বৌদ্ধ সম্প্রদায়ে গত বছর ২৯ সেপ্টেম্বর রাতভর ১৯টি বিহারে হামলা চালিয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা পূরণ হবে। সরকারের ভাবমূর্তি অনেকগুণ বাড়বে। ভিক্ষু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা একই অভিমত ব্যক্ত করেন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সাধারণ পাঠকদের অভিমত ২৯ সেপ্টেম্বরের সহিংস ঘটনায় যারা জড়িত তাদের শুধু নাম প্রকাশ নয় দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। এ ঘটনার বিভিন্ন তদন্তমূলক প্রতিবেদনে যারা সরাসরি জড়িত রয়েছে তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হওয়া দরকার। তবে প্রতিবেদনে উল্লে¬খিত বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক অভিযুক্ত নামের তালিকা নিয়ে সচেতন পাঠকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাদের প্রিয় নেতার নাম রামু ও উখিয়ার সহিংস ঘটনায় সংশ্লি¬ষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন। রামু উপজেলা আওয়ামী লীগ ও রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের ভক্তদের ধারণা, ২০১২ সালের রামু সহিংস ঘটনার দিন রাতে পবিত্র ধর্মের অবমাননার অভিযোগে চৌমুহনী বাস স্টেশনে যে প্রতিবাদ সভা হয়েছিল, সেখানে উপস্থিত হয়ে কাজল উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। অপর নেতা রামু-কক্সবাজারের মহাজোটের সংসদ সদস্য পদ প্রার্থী, সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমলের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঐ দিন রাতে তাদের নেতা দলীয় ও ব্যক্তিগত কাজে ঢাকা অবস্থান করেছিলেন। সেখানে মোবাইলে খবর পেয়ে তিনি রামু-কক্সবাজারের বৌদ্ধ সমপ্রদায়কে রক্ষা করতে তার দলীয় কর্মীদেরকে কড়া নির্দেশ দেন। রামু-কক্সবাজারের সংসদ সদস্য বি.এন.পি নেতা লুত্ফুর রহমান কাজলের দলীয় কর্মীদের বিশ্বাস আগুন জ্বালাতে নয়, আগুন নেভাতে এসেছিলেন তাদের নেতা। বৌদ্ধ সমপ্রদায়ের নেতারা বলেন, তারা এ তিন জন নেতার নাম উল্লে¬খ করে প্রশাসনের কাছে কোন অভিযোগ দেননি।