সমস্যা সমাধানে চলতি অধিবেশনে এসে প্রস্তাব দিন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধানের মধ্যে থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সুষ্ঠু সমাধান করার জন্য বিরোধী দলীয় নেতাকে সংসদের চলতি অধিবেশনে গিয়ে প্রস্তাব দিতে হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেন, সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রী আপনাদের বহুবার আহ্বান জানিয়েছেন। কিন্তু আপনারা সেটা আমলে নেননি। এখন সংসদ অধিবেশন চলছে। সেখানে আপনার (খালেদা জিয়া) বক্তব্য তুলে ধরুন। আশা করি, সমস্যার একটা সমাধান হবে। সিটি করপোরেশন নির্বাচনে অপপ্রচারের কারণে বিরোধীরা জয়ী হয়েছে দাবি করে হানিফ বলেন, সিটি নির্বাচন আর জাতীয় নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক। জনগণ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, সহ-সভাপতি খান আলতাফ হোসেন, ওমর ফারুক প্রমুখ।