বরিশালে মাদকাসক্ত পুত্রকে হত্যা করলেন মা মনোয়ারা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৩, ২৩:২৬
মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইঁদুর মারার বিষ খাইয়ে ও কাঠের মুগুর দিয়ে পিটিয়ে নিজ ছেলেকে হত্যা করেছে মা মনোয়ারা বেগম। হিজলা উপজেলার পত্তনীভাঙ্গা গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে।
গতকাল শনিবার শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত আহসান হোসেনের (৩৫) লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, গোয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা গ্রামের মকবুল খানের মাদকাসক্ত পুত্র আহসান হোসেন মঙ্গলবার নেশার টাকার জন্য বাবা-মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মারধর করে। ঘরের আসবাবপত্র ভাংচুর করে। অত্যাচারে অতিষ্ঠ মা ও পরিবারের সদস্যরা আহসানকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় আহসান ঘরে ফেরার পর তার মা মনোয়ারা ইঁদুর মারার বিষ মিশানো খাবার তাকে খেতে দেয়। খাবার খেয়ে পুত্র আহসান অসুস্থ হয়ে পড়লে মা মুগুর দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। এক পর্যায়ে মা পুত্রের গলাটিপে মুত্যু নিশ্চিত করে। এরপর পুত্রবধূ শাহনাজের সহায়তায় প্লাস্টিকের বস্তায় আহসানের লাশ পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রাখে। পরদিন রাতে মনোয়ারা পুলিশকে ফোন করে তার ঘরে ডাকাত পড়েছে এবং তার পুত্রকে ডাকাতরা হত্যা করে লাশ নিয়ে গেছে বলে জানায়। পুলিশ বাড়িতে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে ফেরত আসে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার সন্ধ্যায় লাশটি থানায় নিয়ে আসে। পুলিশ মা মনোয়ারা বেগম ও স্ত্রী শাহনাজকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুত্রকে হত্যার কথা স্বীকার করেন মা মনোয়ারা বেগম।