মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩ দশক পূর্তি উপলক্ষে ১৩ দিধনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব’

মহাকাল নাট্য সম্প্রদায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিগত ৩০ বছর নিরলসভাবে তার সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত ১৪ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩০ বছর পূর্তি হয়েছে। আর এ উপলক্ষে তারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। যার প্রথমটি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব-২০১৩’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরিক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এবং ছায়ানট মিলনায়তনে একই সাথে শুরু হচ্ছে। ১৩ দিনব্যাপী ‘বিশ্বনাটকের যুথ উত্সব’-এ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩টি নাট্য প্রযোজনা ছাড়াও বাংলাদেশের ২৯টি নাট্যদল এবং ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ৬টি নাট্যদল তাদের নাট্য প্রযোজনা নিয়ে অংশগ্রহণ করবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, সারা যাকের, ম. হামিদ ও লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক আফজাল হোসেন।