লোকসভা নির্বাচন ২০১৪

রাহুল বনাম মোদীর লড়াই?

ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের আগামী সাধারণ নির্বাচনের জন্য তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঘোষণা করেছে। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর তার নাম চূড়ান্ত করা হয়। তবে তার প্রার্থীতা ঘোষণা নিয়ে বিতর্ক এবং নাটকীয়তা কম হয়নি। ওই বৈঠকে যোগ দেননি বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি-যিনি এই সিদ্ধান্তে তার অসন্তোষের কথা স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছিলেন, মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী করলে দলের রাজনৈতিক সর্বনাশ হবে। কিন্তু শেষ পর্যন্ত মোদীরই বিজয় হয়। নরেন্দ্র মোদীর নামের সাথেই জড়িয়ে আছে ভয়াবহ গুজরাট দাঙ্গার ছায়া। কিন্তু বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছেন তারা সে বিষয়ে আদৌ চিন্তিত নন। বরং মোদীকেই তারা নির্বাচনে নিজেদের সেরা ‘বাজি’ বলে মনে করছেন। সাড়ে এগারো বছর আগে গুজরাটের ভয়াবহ সামপ্রায়িক দাঙ্গার সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। সেই দাঙ্গায় হাজার হাজার মুসলিমের প্রাণ বাঁচাতে ব্যর্থতার জন্য তাকে আজও দায়ী করা হয়ে থাকে। অভিযোগ উঠেছিল, মোদীই দাঙ্গায় হস্তক্ষেপ না করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। মোদীকে সমর্থন করলে মুসলিম ভোট হারাতে হবে -এই আশঙ্কায় সমপ্রত বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন তাদের বহু বছরের মিত্র, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। এমন কী বিজেপির দলের ভেতরও লালকৃষ্ণ আদভানি বা সুষমা স্বরাজের মতো নেতাদের ঘোরতর আপত্তি ছিল মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরায়। কিন্তু এ সব উপেক্ষা করেই বিজেপির সভাপতি রাজনাথ সিং জানিয়ে দেন, মোদীর নেতৃত্বেই তারা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে লড়বেন। তিনি বলেন, এই মুহুর্তে সারা দেশের মানুষের যে মনোভাব এবং সেই সঙ্গে বিজেপির দলীয় কর্মীদেরও যে প্রত্যাশা তার সঙ্গে সঙ্গতি রেখেই মোদীর নাম তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের উদ্ধৃতি দিয়ে বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরে ভোটে লড়তে যাওয়াটা বিজেপির জন্য অবশ্যই একটা বড় রাজনৈতিক জুয়া। অপরদিকে, কংগ্রেস থেকে এবার প্রধানমন্ত্রী প্রার্থী হবেন দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিনি ইতিমধ্যে জোর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সমপ্রতি রাজস্থানে দলের নির্বাচনী শ্লোগানও উন্মুক্ত করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন তিনি রাহুল গান্ধীর নেতৃত্বে রাজনীতি করতে পারলে খুশি হবেন। সুতরাং লড়াইটা যে মোদী বনাম রাহুল গান্ধী হচ্ছে তা আগেভাগেই অনুমান করা যায়।