মিরসরাইয়ে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৩
পরিত্যক্ত ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাস করছে উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরুপায় হয়ে তিন বছর পূর্বে ঘোষিত পরিত্যক্ত ভবনেই শ্রেণী কার্যক্রম পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ। ফলে যে কোন মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। জানা গেছে, বিদ্যালয়ের পুরাতন ভবনটি নির্মাণ করা হয় প্রায় পঞ্চাশ বছর পূর্বে। ৩ বছর পূর্বে বিদ্যালয়ের পুরাতন ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিদ্যালয়ে বর্তমানে ৫৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। কিন্তু ক্লাস রুম সংকটের কারণে মৃত্যুঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষকে প্রধান শিক্ষকের কার্যালয় এবং লাইব্রেরী রুমকে অফিসও সহকারী শিক্ষকদের মিলনায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়ের ব্যবহারিক ক্লাস ও পাঠাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পরিত্যক্ত ভবন ছাড়া বিদ্যালয়ে আর একটি ভবন রয়েছে। বিদ্যালয়ের নবম, দশম ও মাধ্যমিক পরীক্ষার্থীদের গ্রুপ পর্যায়ের ক্লাসগুলো নেয়া হয় পরিত্যক্ত ভবনটিতে। দশম শ্রেণীর শিক্ষার্থী শারমিন আক্তার, তমজিদ উদ্দিন বলেন, বৃষ্টি হলে ক্লাসে ছাদ চুঁইয়ে পানি পড়ে। ফলে আমাদের বই-খাতা ভিজে যায়। আমরা ক্লাসে থাকাকালীন প্রায়ই পলেস্তারা খসে পড়ে। আমরা সব সময় আতঙ্কে থাকি কখন আমাদের গায়ের উপর ছাদ ভেঙ্গে পড়ে।