কারমাইকেল কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

সৃজনশীল পদ্ধতি বাতিল ও অটো প্রমোশন চালুর দাবিতে গত শনিবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি পালনকালে প্রায় ২ ঘন্টা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। অধ্যক্ষ যথাযথ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এর আগে সমাজতাান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক আবু রায়হান বকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলা শাখার সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, কলেজ শাখার অর্থ সম্পাদক আবু সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান সরকার, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জাকিরুল ইসলাম, অনীক চন্দ্র বর্মন, আশিকুর রহমান তুহিন প্রমুখ। বক্তারা বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০০৯-১০ সেশনে সৃজনশীল পদ্ধতি চালু করেন। যখন জাতীয় বিশ্ববিদ্যালয় সৃজনশীল পদ্ধতি চালু করে, তখন সৃজনশীল পদ্ধতির পড়ার কলেজগুলোকে উপযোগী করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সৃজনশীল পদ্ধতির জন্য তারা ২১০ দিন ক্লাস, প্রতি বিভাগে ১৩ জন করে শিক্ষক নিয়োগ, ৪টি ক্রেডিট আওয়ার পূরণ, ক্লাস শেষে ২৮ দিনের মধ্যে পরীক্ষা সম্পন্ন এবং ৮৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের কথা বলা হয়। কিন্তু সৃজনশীল পদ্ধতি চালুর তিন বছর অতিবাহিত হয়ে গেলেও কোন প্রতিশ্রুতি তারা পূরণ করেনি। যার ফলশ্রুতিতে প্রথমবর্ষের ন্যায় দ্বিতীয়বর্ষেও ফলাফল বিপর্যয় ঘটেছে।