সংবাদ সংক্ষেপ

নান্দাইলে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাহে রমজান উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম সরকারের বাসভবন প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। লোহাগড়ায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার মধুমতি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার লোহাগড়া ইউপির ছাগলছিড়া গ্রামে ২০টি পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৪০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। মনোহরগঞ্জে বিএনপি অফিস উদ্বোধন মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে বিপুলাসার বাজারে ১১নং বিপুলাসার ইউনিয়ন বিএনপি কার্যালয় উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ-সভাপতি এস এম মুনসুর, সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, যুগ্ম-সম্পাদক মোঃ আবুল কালাম, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, ছাত্রদল সভাপতি সাইফ উদ্দিন মাহমুদ লিটন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ। মুরাদনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দাতব্য সংগঠন বাঙ্গরা স্বনির্ভর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে শনিবার বিদ্যালয়ের ৬৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। আব্দুল মতিন খোকনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান খান। সদরপুরে নারীর অগ্রযাত্রা বিষয়ক সভা সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার নারীর অগ্রযাত্রা ধর্মীয় মূল্যবোধ শীর্ষক আলোচনা অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক সম্পর্কিত উন্মুক্ত এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ দরবার হলে নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রশিদ। কক্সবাজারে ডুবে যাওয়ার সময় ২ জন উদ্ধার কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার সমুদ্রে ডুবে বিপন্ন দুই পর্যটককে উদ্ধার করেছে রবি লাইফ গার্ড কর্মীরা। শনিবার সী-পয়েন্টস্থ সমুদ্র থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের ফুসফুসে পানি প্রবেশের কারণে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুরে এইডস প্রতিরোধে মতবিনিময় রংপুর প্রতিনিধি \ রংপুরে ‘এইচআইভি/এইডস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লাইট হাউজের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হিজরা জনগোষ্ঠীর জন্য ডিআইসি স্থাপন ও কার্যকরী সেবা প্রদান, সক্ষম কর্মী গড়ে তোলা, সামাজিক যোগাযোগ, এ্যাডভোকেসী, সামাজিক জনগোষ্ঠীর অংশগ্রহণ উপযোগী পরিবেশ তৈরি এবং ঝুঁকিপূর্ণ আচরণ হ্রাসকরণে বিস্তারিত আলোচনা হয়। ২’শ ৮২ জনকে যৌন রোগ ও সাধারণ রোগের চিকিত্সা ড্রপিং সেন্টারে ৪’শ ১১ জনকে কাউন্সিলিং, ৩৬ হাজার ৮’শ ৪৯ জনের মাঝে কনডম বিতরণ এবং ৬’শ ৭৭ জনকে কোন না কোন সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। সাংবাদিক আফতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিআইসির ম্যানেজার মিজানুর রহমান, কাউন্সিলর রোকেয়া খাতুন, লাইট হাউজের সারোয়ারুল ইসলাম, ওহাব হোসেন টিপু প্রমুখ। নাঙ্গলকোটে নবীন বরণ নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা নাঙ্গলকোটের ভৌলইন স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠান শনিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আ,হ,ম মুস্তফা কামাল লোটাস। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ, মোহাম্মদ মহিউদ্দিন, আশিকুর রহমান দোলন চেয়ারম্যান। বক্তব্য রাখেন কমিটির সদস্য হোসনেজ্জামান, অধ্যাপক আবুল খায়ের, লোকমান হোসেন প্রমুখ। সিরাজগঞ্জে পিআইবি’র কর্মশালা সিরাজগঞ্জ প্রতিনিধি \ শনিবার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম, ফেরদৌস হাসান বক্তব্য রাখেন। পিরোজপুরে মানবাধিকার বিষয়ক সভা পিরোজপুর অফিস \ শনিবার পিরোজপুরে মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাউন ক্লাবে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম আয়োজিত সভায় সভাপতি ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব। বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন, প্রফেসর শেখ সাইদুর রহমান, প্রফেসর রুহুল আমীন, মনিকা মন্ডল, প্রতুল ব্রহ্ম, মাহমুদ হোসেন শুকুর, আব্দুস সালাম বাতেন, আবু আহমেদ ফায়জুল্লাহ, রফিকুল ইসলাম পান্না, সুরাইয়া বেগম হ্যাপী প্রমুখ। সীতাকুণ্ডে বন্দুকসহ ৩ ডাকাত আটক সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা \ সীতাকুণ্ডে ২টি বন্দুক ও ৫টি কার্তুজসহ গত ১৩ সেপ্টেম্বর ৩ জন রোড ডাকাতকে পুলিশ আটক করেছে। অভিযান চালিয়ে ডাকাতদেরকে আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো উপজেলার বাড়বকুণ্ডের নতুনপাড়া এলাকার মৃত অলি আহাম্মদের পুত্র ডাকাত সর্দার দেলোয়ার হোসেন (৩৪), একই এলাকার নূরুল হকের পুত্র জাহাঙ্গীর আলম (২৮) ও মির্জাপাড়ার আবুল মুনসুরের ছেলে তসুল খান প্রকাশ তুসইল্ল্যা (২৫)। সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শনিবার ছাত্র-ছাত্রীদের মাঝে মেধাবৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে। মাদ্রাসা অধ্যক্ষ মুহিবুল্লাহের সভাপতিত্বে মেধাবৃত্তির টাকা প্রদান করেন, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা সদর-২ আসনের জাপা সংসদ সদস্য আলহাজ্ব এম এ জব্বার। নরসিংদীর সিবিএ নেতা আওয়ামী লীগে নরসিংদী প্রতিনিধি \ নরসিংদীর পলাশ ফৌজি চটকলের পর পর ৬ বার নির্বাচিত সিবিএ সাধারণ সম্পাদক ও আব্দুল মান্নান ভুঁইয়ার ঘনিষ্ঠ সহচর মোজাম্মেল হক ভুঁইয়া শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাধারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন ভুঁইয়া। সেনবাগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী সেনবাগ এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শনিবার ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজি উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার টিএ চৌধুরী। দিনাজপুরে শিক্ষার্থীর মাঝে রেড ক্রিসেন্টের উপকরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জাপান রেডক্রসের অনুদানে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট ১০টি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে। বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানির জন্য দেয়া হয়েছে ফিল্টার মেশিন। গতকাল রবিবার দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ইকবালুর রহিম এমপি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। মেলান্দহে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০১৯তম শাখা ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কুলিয়া বাজারে উদ্বোধন করা হয়। জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কৃষি ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের মহা-ব্যবস্থাপক এসএম শামসুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান, পুলিশ সুপার নজরুল ইসলাম, আলেয়া আজম কলেজের সভাপতি সোহরাব হোসেন বাবুল। সিংড়ায় নৈতিক অবক্ষয় রোধে মতবিনিময় সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ভালো ফলাফল ও নৈতিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের নিয়ে দমদমা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম এ হুমাইয়রা। বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হুসনে আরা আরজু। ধামরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নে রঘুনাথপুরের ‘আবুল বাশার কৃষি কলেজে’ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সচিব এমএ সবুর। প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কৃষিবিদ ড. মো. আ. রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এবং কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। রূপগঞ্জে এমপির মতবিনিময় সভা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সঙ্গে গতকাল রবিবার সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মতবিনিময় সভা হয়। উপজেলার রূপসী গাজী ভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান হাসিব। বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মহিলা লীগের সভাপতি হাসিনা গাজী, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব প্রমুখ। গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা\ প্রধান শিক্ষকদের ২য় শ্রেণির পদমর্যাদা, সহকারী প্রধান শিক্ষকের পদ ও স্বতন্ত্র বেতন স্কেল সৃষ্টি এবং শতভাগ পদোন্নতিসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল রবিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেন। মান্দায় জামায়াতের শো-ডাউন মান্দা (নওগাঁ) সংবাদদাতা\ রাজশাহীতে ১৮ দলের মহাসমাবেশ উপলক্ষে নওগাঁর মান্দায় গত শনিবার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে শো-ডাউন করা হয়। জেলা জামায়াত সেক্রেটারী খম আব্দুর রাকিবের নেতৃত্বে শো-ডাউনটি প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে টোল ঘরের পাদদেশে এক সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের মান্দা উপজেলা আমীর অধ্যাপক আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন খম আব্দুর রাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা প্রচার সম্পাদক আইনুল হক, জেলা শিবির সভাপতি নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা শিবির নেতা গোলাম রাব্বানী, সেলিম রেজা, উপজেলা শিবির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। বান্দরবান পৌর যুবদলের কমিটি গঠন বান্দরবান প্রতিনিধি \ বান্দরবান পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খানকে আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে রবিবার। জেলা যুবদল সভাপতি মশিউর রহমান মিঠুন ও সাধারণ সম্পাদক নেজামউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে মো: মফিউল্লাহ’কে সদস্য সচিব এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশীদ, জহিরউদ্দিন মাসুম, মিজানুর রহমান সুজন। রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি \ বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপ-বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ফরিদপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ। রবিবার এক ঘণ্টা ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে অনুষ্ঠিত আধঘণ্টার এ মানববন্ধন কর্মসূচিতে ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, মৈত্রী বর্মন, আশরাফুল ইসলাম প্রমুখ। মাধবপুরে বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুর ইটাখোলা বিএডিসি কৃষিখামারের শ্রমিকরা তাদের ৪-দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেক দিন ১ ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছে। ইটাখোলা কৃষিখামার ও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের শ্রমিকরা মিছিল সহকারে ইটাখোলা খামার এলাকা প্রদক্ষিণ করে। পরে বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সামনে ইটাখোলা কৃষিখামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আন্নর আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান চৌধুরী।