মুক্তিযোদ্ধারা মাসে সম্মানী পাবেন ৫ হাজার টাকা

মুক্তিযোদ্ধারা বর্তমানে মাসে দুই হাজার টাকা করে সম্মানী পাচ্ছেন। সম্মানীর পরিমাণ তিন হাজার টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। অপরদিকে জেলা ও উপজেলা পর্যায়েও চিহ্নিত রাজাকার আলবদর আল-শামস বাহিনী প্রধানদের দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচার কাজ শুরু করা হবে। দু’দিন বিরতির পর গতকাল রবিবার বিকালে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম সংসদকে এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল চলতি ১৯তম অধিবেশনের গতকাল দ্বিতীয় কার্যদিবসেও সংসদে যোগদান করেনি। বেগম সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, মুক্তিযোদ্ধাদের সম্মানী বর্তমানে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।