পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ

যৌতুক চেয়ে মারধরের অভিযোগে স্ত্রী পুতুল ফারজানা ডলির করা মামলায় আশুলিয়া মডেল থানার এএসআই শাহীন মোল্লাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুল ইসলাম তালুকদার শুনানি শেষে এই আদেশ দেন। মামলার আরজি থেকে জানা যায়, গত ২১ জুন এ মামলার এক নম্বর আসামি এএসআই মো. শাহীন মোল্লা তার স্ত্রী ডলিকে সাতদিনের মধ্যে ১৫ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয় এবং টাকা দিতে না পারলে তাকে তালাক দিয়ে যৌতুক নিয়ে অন্য জায়গায় বিয়ে করার হুমকি দেয়। কিন্তু ডলির বাবার যৌতুক দেয়ার সামর্থ্য নেই বলার পরও শাহীন তাকে টাকার জন্য চাপ দিলে তিনি প্রতিবাদ করেন। ঘটনার তারিখ রাতে শাহীন রড দিয়ে ডলিকে এলোপাতাড়ি আঘাত করেন। ডলির চিত্কারে পাশের রুম থেকে সাক্ষী এসে তাকে রক্ষা করেন। ২১ আগস্ট ট্রাইব্যুনালে মামলা করা হয়।